ইন্ডিয়ায় করোনা শনাক্ত ৮ লাখ ছাড়াল
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ১৫:২৫
ইন্ডিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছে বলে এনডিটিভি ও আনন্দবাজারসহ দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
এর মধ্যে কেবল শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৭ হাজারের বেশি কভিড রোগী। ফলে আমেরিকার পর ইন্ডিয়া করোনার হটস্পট হচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন। আর একদিনে ৫১৯ জনের নতুন করে মৃত্যু হয়েছে দেশটিতে। এ নিয়ে ইন্ডিয়ায় নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২২ হাজার ১২৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে আনন্দবাজার।

অর্থনীতি সচলে লকডাউন শিথিলের পর থেকে ভারতে প্রায় প্রতিদিনই শনাক্ত আক্রান্তের সংখ্যা আগের দিনের রেকর্ড টপকাচ্ছে। বৃহস্পতিবারে আগে প্রতিদিন ২৫ হাজারের কাছাকাছি রোগী মিললেও শুক্রবার সাড়ে ২৬ হাজারের মতো রোগী শনাক্তের তথ্য দিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আর শনিবার সকালে কর্মকর্তারা সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১১৪ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি পাওয়ার কথা জানান।
দেশটিতে এ নিয়ে সরকারি হিসাবে কোভিড-১৯ রোগীর মোট সংখ্যা দাঁড়াল ৮ লাখ ২০ হাজার ৯১৬ জনে। শনাক্ত রোগী আর মৃত্যু সংখ্যায় ইন্ডিয়ার রাজ্যগুলোর মধ্যে এখনও সবার উপরে মহারাষ্ট্র। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে ২ লাখ ৩৮ হাজারের বেশি মানুষের দেহে করোনার উপস্থিতি মিলেছে; মৃত্যু পৌঁছেছে ১০ হাজারের কাছাকাছি।
গুজরাটে মৃত্যু ছাড়িয়েছে ২ হাজার। তামিল নাডুও একই মাইলফলকের কাছাকাছি অবস্থান করছে। তামিল নাডু ও দিল্লিতে শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। গুজরাট, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশেও সংক্রমণ হু হু করে বাড়ছে।
আশার কথা হচ্ছে, প্রতিবেশী দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর ৬২ শতাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৮৭৩ জন। সব মিলিয়ে ৫ লাখ ১৫ হাজার ৩৮৫ জন ভাইরাসের কবল থেকে মুক্ত হলেন বলে জানিয়েছে ইন্ডিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

