‘ভুয়া’ সংবাদ বিশ্বাস না করতে ভক্তদের প্রতি অনুরোধ ম্যাশের
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ১৪:১২
সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও তারকা ক্রিকেটার মাশরাফি বিন মূর্তজাকে নিয়ে কিছু গণমাধ্যম ভুয়া ও মনগড়া রিপোর্ট প্রকাশ করেছে। এই ক্রিকেটার ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত তারা এখনও দ্বিতীয় বার পরীক্ষাই করাননি। অথচ তার করোনা পরীক্ষার নতুন রিপোর্ট প্রকাশ করেছে ওইসব কথিত সংবাদ মাধ্যম।
বিষয়টি নিয়ে বর্তমান সংসদ সদস্য মাশরাফি খানিকটা বিরক্ত ও বিব্রত বটে। ফলে বাধ্য হয়ে শনিবার (১১ জুলাই) রাতে নিজের ফেইসবুক পেইজে একটি পোস্ট দিয়ে ভক্তদের ওইসব সংবাদ বিশ্বাস না করার জন্য অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে সবার ভালোবাসা ও দোয়ায় কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তিনি তার ও তার পরিবারের জন্য দেয়া কামনা করেছেন। নিচে ম্যাশের ফেইসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।
পূর্বের ন্যায় আজকেও দেখলাম যে আমার করোনা টেস্ট নিয়ে অনেকে অনেক রিপোর্ট করেছেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে দয়া করে আপনারা এসব নিউজ বিশ্বাস করবেন না। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা মন থেকে আমার জন্য দোয়া করেছেন। আপনাদের এই ভালোবাসা আমাকে দায়বদ্ধ করেছে যে আমার সঠিক সংবাদ আপনাদেরকে জানানো।
ইনশাআল্লাহ আগামীকাল আমিসহ আমার পরিবারের সবাই করোনা টেস্ট করাবো। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এখানে জানিয়ে দিব।
আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।

