কন্যাসহ ঐশ্বরিয়াও করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । আপডেট ১৯:০০
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও নাতনি আরাধ্যাও করোনা আক্রান্ত হিসেবে নিশ্চিত হয়েছেন। রবিবার (১২ জুলাই) দুপুরে ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্যার সোয়াব টেস্টের ফলাফলে তাদের করোনা ‘পজিটিভ’ হওয়ার কথা জানা গেছে।
ইন্ডিয়ার ‘টাইমস নাউ’ নিউজ চ্যানেলের বরাত দিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঐশ্বরিয়া ও আরাধ্যা কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হলেও অমিতাভের স্ত্রী জয়া বচ্চন অবশ্য করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হননি– তার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
এদিন সকালে মুম্বাই পুর কর্তৃপক্ষের তরফে শহরে বচ্চন পরিবারের বাসভবন ‘জলসা’-কে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে সেটিকে ‘সিল’ করে দেওয়া হয়েছে।

ঘটনাচক্রে এর কয়েক ঘণ্টা আগে শনিবার রাতে বলিউডের আর এক লেজেন্ড, অভিনেত্রী রেখার বাসভবনের এক নিরাপত্তারক্ষীও করোনা পাজিটিভ হিসেবে শনাক্ত হন। এরপর বৃহন্মুম্বই মেট্রোপলিটান কর্পোরেশন (বিএমসি)-র পক্ষ থেকে রেখার বাসভবনের একাংশও ‘সিল’ করে দেওয়া হয়।
অমিতাভ ও রেখা দুজনেই বলিউডে প্রায় সমসাময়িক। তাদের জুটিকেও মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির ‘ফোকলোর’ বা লোকগাথার অংশ বলে ধরা হয়। রেখা নিজেরও করোনা টেস্ট করাচ্ছেন বলে বিএমসি-কে জানিয়েছেন।

ইতিমধ্যে অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক – দুজনকেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে নিজেই টুইট করে অভিষেক অবশ্য জানিয়েছেন, “আমার ও বাবার এদিন কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রেজাল্ট এসেছে। দুজনেই আমরা হাসপাতালে ভর্তি আছি। তবে আমাদের উপসর্গ মৃদু-ই!”

৭৭ বছর বয়সী অমিতাভ বচ্চনকে নানাবতী হাসপাতালের একটি আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানা গেছে। রবিবার (১২ জুলাই) সকালে সোশ্যাল মিডিয়াতে নিজেই একটি ভিডিও পোস্ট করে অমিতাভ বচ্চন হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্যাকে আপাতত হাসপাতালে ভর্তি করানো হচ্ছে না। তারা বাড়িতেই হোম আইসোলেশনে থেকে কোভিডের চিকিৎসা নেবেন বলে পরিবার থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

