পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ জুলাই ২০২০ । আপডেট ১০:০৮
রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ নিউইয়র্ক নগরীর ম্যানহাটানে খুন হয়েছেন। নিউইয়র্ক পুলিশ ফাহিমের নিজ অ্যাপার্টমেন্ট থেকে মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে বলে জানা গেছে।
এনওয়াইপিডি পুলিশ কর্মকর্তা বলেন, ফাহিমের শরীরের হাত-পা, মাথা সবকিছু খণ্ড-বিখণ্ড ছিল। আমরা এগুলো পেয়েছি।
ফাহিমের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার আত্মীয় আতাউর বাবুল।
জানা গেছে, ফাহিমের বোন তার খোঁজ না পেয়ে ৯১১ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
১৯৮৬ সালে জন্ম ফাহিমের। তাঁর বাবা সালেহ উদ্দিন বড় হয়েছেন চট্টগ্রামে আর মা নোয়াখালীর মানুষ। ফাহিম পড়াশোনা করেছেন ইনফরমেশন সিস্টেম নিয়ে আমেরিকার বেন্টলি বিশ্ববিদ্যালয়ে। থাকতেন নিউইয়র্কের ম্যানহাটনে।
তিনি রাইড শেয়ার অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা। ফাহিম নাইজেরিয়া আর কলম্বিয়ায়ও এমন আরও দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানির মালিক। ফাহিম সালেহ গত বছর ২.২ মিলিয়ন ডলার দিয়ে ম্যানহাটনের ডাউনটাউনে এই অ্যাপার্টমেন্ট কিনেন।

