শেষ পর্যন্ত ধরা পড়তেই হবে : ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ জুলাই ২০২০ । আপডেট ১৫:১০
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুখোশের আড়ালে যতই মুখ লুকিয়ে রাখুক কোনো অপরাধীই অপরাধ করে ছাড় পাবে না, শেষ পর্যন্ত ধরা পড়তেই হবে। বিভিন্ন খাতে অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘অপরাধীর কোনো পরিচয় নেই, দুর্বৃত্তের কোনো দল নেই।’
বুধবার (১৫ জুলাই) সকালে সচিবায়লস্থ নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি-এর নেতৃত্বে এক প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাত শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট। রিজেন্ট হাসপাতাল ও জেকেজি’র কর্তাব্যক্তিদের গ্রেপ্তারই অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান প্রমাণ করে।’
এসময় আসন্ন কোরবানির ঈদে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে গবাদি পশুরহাট এবং অন্যান্য সকল জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানান সেতুমন্ত্রী।
এদিকে, করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সার্টিফেট প্রদানকে কেন্দ্র করে বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে বুধবার ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে সাহেদের অন্যতম সহযোগী বলে পরিচিত রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেপ্তার করে র্যাব।
অন্যদিকে করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সার্টিফিকেট দেয়ার জালিয়াতির সাথে জড়িত বহুল আলোচিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।

