১ আগস্ট থেকে ইতালিতে যেতে পারবেন বাংলাদেশিরা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ । আপডেট : ০৮ : ৩০
বাংলাদেশিদের জন্য ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে এনেছে ওই দেশের সরকার। আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশিরা ইতালি যেতে পারবেন বলে জানানো হয়েছে। এর আগে আগামী ৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ ছিল।
বাংলাদেশ সময় বুধবার (১৫ জুলাই) ইতালি সরকার একটি নোটিশ টু এয়ারমেন বিজ্ঞপ্তি প্রকাশ করে।
প্রকাশিত ওই নতুন নির্দেশনায় বলা হয়, ‘বাংলাদেশসহ ১৩টি দেশে ১৪ দিন অবস্থান করেছে এমন কেউ ৩১ জুলাই পর্যন্ত ইতালিতে প্রবেশ করতে পারবে না। এই নোটিশ পরিবর্তিত না হলে ১ আগস্ট থেকে বাংলাদেশিরা ইতালিতে ঢুকতে পারবে।’
নোটিশটি বাংলাদেশসহ মোট ১৩টি দেশের জন্য প্রযোজ্য বলেও উল্লেখ করা হয়েছে।
অন্যদেশগুলো হলো আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া হার্জেগোভিনা, চিলি, কুয়েত, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু ও ডমিনিকান রিপাবলিক।

