১০০ পয়েন্টের স্বপ্ন ভঙ্গ হলো লিভারপুলের
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ । আপডেট : ১২:১০
বুধবার রাতে আর্সেনালের মাঠ থেকে ২-১ গোলে হেরে ফিরেছে লিভারপুল। চলতি মৌসুমে লিগে এটি তাদের তৃতীয় হার। এমিরেটস স্টেডিয়ামের এই হারেই শেষ হয়ে গেছে তাদের ১০০ পয়েন্ট অর্জনের সুযোগ। ৩৬ ম্যাচ শেষে নতুন চ্যাম্পিয়নদের পয়েন্ট ৯৩, তাই বাকি থাকা দুই ম্যাচ জিতলেও ৯৯ পয়েন্টের বেশি হবে না।
প্রিমিয়ার লিগের শিরোপা এরই মধ্যে জিতে নিয়েছে লিভারপুল। ৩০ বছর পর আবারও ইংলিশ ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে অলরেডস। এই আনন্দের সঙ্গে আরেকটি অর্জনের হাতছানি ছিল তাদের সামনে। ১০০ পয়েন্টের মাইলফলক ছোঁয়ার। কিন্তু সেটি আর হচ্ছে না! আর্সেনালের কাছে হেরেই পয়েন্টের ‘সেঞ্চুরি’র স্বপ্ন শেষ হয়ে গেল ইয়ুর্গেন ক্লপের দলের।
যেভাবে এগোচ্ছিল লিভারপুল, তাতে তিন অঙ্কের জাদুকরি সংখ্যার পথটা সহজই ছিল। কিন্তু ট্রফি নিশ্চিত হওয়ার পর ম্যানচেস্টার সিটি ও গতরাতে আর্সেনালের কাছে হেরে শেষ হয়ে গেল স্বপ্নটা। তাই প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা জিতলেও ম্যানসিটির রেকর্ডে ভাগ বসানো হলো না ক্লপের দলের। ২০১৭-১৮ মৌসুমে পেপ গার্দিওয়ার ম্যানসিটি গড়েছিল ১০০ পয়েন্টের রেকর্ড।
অথচ এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়নদের মতোই শুরু ছিল লিভারপুলের। ২০ মিনিটে সফরকারীদের লিড এনে দেন সাদিও মানে। যদিও ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও গোলকিপার আলিসনের ভুলে বিরতিতে যাওয়ার আগেই এগিয়ে যায় আর্সেনাল। ৩২ মিনিটে আলেক্সান্দ্রে লাকাজেত্তের গোলে সমতায় ফেরার পর লিড নেয় রেইস নেলসনের লক্ষ্যভেদে। লিড ধরে রাখতে রক্ষণভাগ শক্তিশালী করে তারা দ্বিতীয়ার্ধে। তাই বল পজেশন ৬৭ শতাংশ রেখে এবং ২৪টি শট নিয়েও হারের হতাশায় ডুবতে হয়েছে লিভারপুলকে। এরই সঙ্গে ১০০ পয়েন্টের আশা শেষ হয়ে যায় অলরেডদের।

