সাহেদ ও মাসুদ ১০ দিনের রিমান্ডে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ । আপডেট : ১১:৫০
রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ এবং ওই হাসপাতালের এমডি মাসুদ পারভেজকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। এছাড়া সাহেদের আরেক সহযোগী তারেক শিবলীকে আবার সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
এর আগে ডিবির পুলিশ পরিদর্শক গাফফারুল আলম সাহেদ, মাসুদ পারভেজ ও তারেক শিবলীকে আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তিনি উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া প্রতারণা মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সাহেদকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়। বুধবার সকালে সাতক্ষীরায় গ্রেফতার করে ঢাকায় আনার পর রাতে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হাজতখানায় রাখা হয়।
এর আগে বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করে র্যাব। সূত্র – বাংলা ট্রিবিউন।

