করোনা : রাষ্ট্রপতির ভাই মুক্তিযোদ্ধা আবদুল হাই’র মৃত্যু
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ৮:১৫
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই করোনা আক্রান্ত হয়ে ইন্তেকালে করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
শুক্রবার (১৭ জুলাই) রাত সোয়া ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রাষ্ট্রপতির এডিসি আরিফুর রহমান খবরটি নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরিফুর রহমান বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ৫ জুলাই রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাইকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেয়া হয়।তাকে প্লাজমা থেরাপিসহ নিবিড় চিকিৎসা প্রদান করা হচ্ছিল। কিন্তু চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে তার মৃত্যু হয়।
আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি মিঠামইন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বিআরডিবি’র সভাপতি, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন “প্রবাহ” এর সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা আবদুল হক ডিগ্রি কলেজে ও হাজী তায়েবউদ্দীন হাই স্কুলের প্রতিষ্ঠা ও শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন। এলাকার উন্নয়নে তিনি বিপুল অবদান রাখেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
৯ ভাই বোনের মধ্যে আবদুল হাই ছিলেন অষ্টম। আগামীকাল শনিবার মিঠামইনে পারিবারিক কবরস্থানে তার দাফন হবে।

