‘মাই লর্ড’ নয়, ‘স্যার’ বলুন: কলকাতা হাইকোর্ট

‘মাই লর্ড’ নয়, ‘স্যার’ বলুন: কলকাতা হাইকোর্ট

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১৪:১০

‘মাই লর্ড’ বা ‘লর্ডশিপ’র বদলে ‘স্যার’ সম্বোধন শুনতে চান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ।

পশ্চিমবঙ্গের সব আদালতের বিচারক, রেজিস্ট্রি বিভাগের কর্মকর্তা ও অন্য প্রশাসনিক কর্তাদের প্রতি ইমেইলে এই আর্জি জানিয়েছেন রাধাকৃষ্ণণ। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে এ কথা জানা যায়।

এনডিটিভি জানিয়েছে, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যয় প্রধান বিচারপতির বার্তা-সম্বলিত চিঠিটি রাজ্যের সব জেলা আদালত, নিম্ন আদালত এবং আন্দামান দ্বীপপুঞ্জে পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি ইচ্ছাপ্রকাশ করেছেন এখন থেকে জেলা বিচার সভা এবং মহামান্য হাইকোর্টের আধিকারিকরা তাকে মাই লর্ড না বলে স্যার বলুন।’

প্রসঙ্গত, বিচারপতিদের সম্বোধনের ক্ষেত্রে ‘মাই লর্ড’ বা ‘লর্ডশিপ’ শব্দ দুটি ব্যবহারের বাধ্যবাধকতা নেই বলে আগেই অভিমত দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত। ২০১৪ সালে সুপ্রিমকোর্ট জানিয়েছিলেন বিচারপতিদের ‘মাই লর্ড’ বা ‘লর্ডশিপ’ শব্দের মাধ্যমে সম্বোধন জরুরি নয়। এছাড়া বিচারপতিকে ‘মাই লর্ড’ বলে সম্বোধন ঔপনিবেশিকতার চিহ্ন বলে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’ ২০১৪ সালে বাতিলের প্রস্তাব করেছিল।

প্রথম ভারতীয় রাজ্য হিসেবে রাজস্থান হাইকোর্টের বিচারপতিরা ‘মাই লর্ড’ বা ‘লর্ডশিপ’ শব্দ দুটির বদলে ‘স্যার’ ও ‘শ্রীমান জি’ শব্দ দুটি গ্রহণ করেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ এবার সেই পথেই হাঁটলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading