শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি: উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই, ২০২০ । আপডেট : ০৮:৩০
উজান থেকে প্রবল বেগে নেমে আসা ঢলের কারণে পুরনো ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় শেরপুর সদর উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
উপজেলার ৪টি ইউনিয়নের ২২টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২ হাজার ৫শ’ পরিবার। কাঁচা ঘর-বাড়ি, রাস্তাঘাট, রোপা আমন ধানের বীজতলা, সবজি, শতাধিক পুকুরের মাছ পানিতে ভেসে গেছে।
শেরপুর-জামালপুর সড়কের পোড়ার দোকান ও শিমুলতলী এলাকার কজওয়ে দুটিতে প্রবলবেগে পানি প্রবাহিত হওয়ায় গতকাল শুক্রবার বিকেল থেকে শেরপুর-ঢাকা এবং উত্তরবঙ্গের সঙ্গে এ পথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অপরদিকে ঝিনাইগাতী উপজেলার মহারশী ও নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদীর পানি কমে যাওয়ায় ওই দুই উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
সদর উপজেলার ৪টি ইউনিয়নের ২২টি গ্রামের প্রায় ২ হাজার ৫শ’ পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। বাড়িতে পানি উঠায় চুলা জ্বালাতে পারছেন না প্লাবিত এলাকার মানুষ।

