নৌবাহিনী প্রধান হলেন রিয়ার অ্যাডমিরাল শাহীন ইকবাল
উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ০৯:৩০
বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল। শনিবার (১৮ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার এই নিয়োগ ও পদোন্নতির তথ্য জানানো হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহ আব্দুল আলীম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে আগামী ২৫ জুলাই (২০২০) অপরাহ্ণে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা অনুসারে ২০২৩ সালের ২৪ জুলাই অপরাহ্ন পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পূর্বক নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল ১৯৮০ সালের পহেলা জুন বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮২ সালের পহেলা ডিসেম্বর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তার দীর্ঘ এবং সুপরিচিত ৪০ বছরের কর্মজীবনে তিনি দৃষ্টান্তমূলক সামরিক সক্ষমতা প্রদর্শন করেছেন।
তিনি নৌ সদরে সহকারী নৌ প্রধান (অপারেশান্স), সহকারী নৌ প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশান্স, পরিচালক নৌ গোয়েন্দা, চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, খুলনা নৌ অঞ্চলের অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে পালন করেন। চাকুরী জীবনে প্রতিটি ক্ষেত্রে তিনি সর্বোচ্চ নেতৃত্বের গুণাবলী, সুদুর প্রসারী চিন্তাভাবনা, আন্তরিকতা ও সততার ছাপ রেখেছেন।
শাহীন ইকবাল দীর্ঘ চাকরি জীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও সামরিক কৌশলগত শিক্ষা অর্জন করেছেন। তিনি প্রতিটি প্রশিক্ষণে উচ্চতর গ্রেডিং অর্জন এবং কৃতিত্বের স্বাক্ষর রাখায় নৌবাহিনী প্রধান এর নিকট হতে সর্বোচ্চ প্রশংসা প্রাপ্তসহ নানা ধরনের সম্মানে ভূষিত হন।

