সাকিবের বাবা করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ১৯:১০
তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (১৯ জুলাই) সকালে মাসরুর রেজাসহ মাগুরার আরও আটজনের করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন এসেছে বলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম জানিয়েছেন।
আব্দুস সালাম বলেন, মাশরুর রেজা মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা ভালো আছে। মাশরুর রেজা কৃষিব্যাংকের মাগুরা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা। তার রিপোর্ট করোনা পজিটিভ আসার পর রবিবার দুপুরে বাড়ি লকডাইন করা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, এ পর্যন্ত মাগুরায় মোট ৩০৭ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছে ১৬০ জন। আর মারা গেছেন সাতজন।
প্রসঙ্গত, বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন ক্রিকেটার সাকিব আল হাসান। করোনা মহামারি শুরুর দিকে তিনি স্ত্রীকে সময় দেয়ার জন্য আমেরিকায় যান। এরই মধ্যে দ্বিতীয় সন্তানের জনক হয়েছেন সাকিব।

