২৭ জুলাই ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ০৯:১৫
আগামী ২৭ জুলাই রাজধানী ঢাকায় ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন বিকেল ৪টায় গণভবন থেকে এই আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেন।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ এর ইন্টারন্যাশল প্রোগ্রাম উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল অনুষ্ঠানটি এবার ভার্চুয়াল ভাবে অনুষ্ঠিত হবে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি দুই দিন ব্যাপী এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর সার্বিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের রাজধানী ঢাকা এ বছর ওআইসি যুব রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে।
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষে এ স্বীকৃতি জাতি হিসেবে আমাদের গর্বিত করেছে। বছরব্যাপী বিস্তৃত ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ -এ বিশ্বের ৭৫ টি দেশের প্রায় ১৩ শতাধিক তরুণ অংশগ্রহণ করতে অনলাইনে আবেদন করেছেন।
সভায় প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর আদর্শ ও আপোসহীন সংগ্রামের গৌরবময় ইতিহাস বিশ্বের যুব সম্প্রদায়কে জানানোর তাগিদে ঢাকার এই ইন্টারন্যাশনাল সম্মেলনে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। খবর বাসস-এর।

