শ্রীমঙ্গলে চা বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ১২:২৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগান থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) সকালে সাতগাঁও ইউনিয়নের আমরইল ছড়া চা বাগান থেকে লাশটি পাওয়া যায় বলে জানিয়েছেন, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা।
মৃত নুরুল ইসলাম (৫০) সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের ছগির মিয়ার ছেলে।
নুরুলের ভাই আবুল মিয়া বলেন, “নুরুল বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি। সকালে আমরইল ছড়া চা বাগানের ৩ নম্বর সেকশনে একটি লাশ পড়ে আছে বলে এলাকাবাসীর কাছে জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ দেখতে পাই।”
তিনি বলেন, “বৃহস্পতিবার শেষ রাতেও বৃষ্টি হয়েছে। কিন্তু ভাইয়ের পুরো শরীরের কাপর শুকনো। তাকে অন্য কোথাও হত্যার পর ভোর বেলা চা বাগানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান, ওসি সোহেল রানা।

