সুন্দরগঞ্জ থানা পুলিশকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি শামীম

সুন্দরগঞ্জ থানা পুলিশকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি শামীম

সুদীপ্ত শামীম । উত্তরদক্ষিণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা); রবিবার, ২৬ জুলাই ২০২০ । আপডেট ১০:৪০

ব্যক্তিগত অর্থায়নে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশকে দু’টি পিকআপ ভ্যান উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।

শনিবার (২৫ জুলাই) দুপুরে সুন্দরগঞ্জ থানা চত্ত্বরে পিকআপ ভ্যান দু’টির চাবি পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও থানার ওসি আব্দুল্লাহিল জামানের হাতে হস্তান্তর করেন এমপি শামীম হায়দার পাটোয়ারী।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবুল খায়ের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-২) ইমরানুল কবির রুবেল, ওসি (তদন্ত) বুলবুল ইসলাম, জাপার সহসভাপতি আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক মান্নান মন্ডল ও পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলাটি অনেক বড় হওয়ায় একটি মাত্র পুলিশিং ভ্যান দিয়ে সব জায়গায় পৌঁছাতে পারে না পুলিশ ফোর্স। বিভিন্ন সমস্যায় গাড়ির অভাবে দ্রুত সেখানে হাজির হওয়া সম্ভব হয় না পুলিশের। সেক্ষেত্রে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে অনেকটা বিলম্ব হয়। বাধ্য হয়ে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে যেতে যেতে বড় ধরণের ঘটনা ঘটে যায়।

পুলিশের বিলম্বে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার এ বিসয়টি নিয়ে স্থানীয় এমপিকে অভিযোগ করেন ভুক্তভোগী সাধারণ মানুষ। এর কারণ জানতে চাইলে পুলিশের পক্ষ থেকে পিকআপ ভ্যান সংকটের কথা জানানো হয় এমপিকে। পরে এই সংকট দূর করতে স্থানীয় সাংসদ শামীম হায়দার পাটোয়ারী থানা পুলিশকে দুটি পিকআপ ভ্যান উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে পিকআপ ভ্যান দুটির চাবি পুলিশ সুপারের হাতে হস্তান্তর করেন এমপি।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, পুলিশের পিকআপ ভ্যান সংকট থাকায় চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে দ্রুত পৌঁছাতে পারে না তারা। পুলিশের বিলম্বে পৌঁছানোর বিষয়ে সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে ওসি সাহেবের সাথে কথা বলে জানতে পারি পিকআপ ভ্যান না থাকায় এমন বিলম্ব হচ্ছে। তাই আমি পুলিশের দ্রুত ঘটনাস্থলে যাওয়ার জন্য দুটি পিকআপ ভ্যান উপহার দিয়েছি। আশাকরি এখন থেকে উপজেলার সর্বত্র পুলিশি টহল অব্যাহত থাকবে। এতে কিছুটা অপরাধ কমে যাবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading