এক-দুই মাস কাজের পর আমার মূল্যায়ন করবেন: স্বাস্থ্যের নতুন ডিজি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ০৯:৩০
স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য দায়িত্ব নেয়া মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম কাজে যোগদানের একদিন পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, তার প্রথম কাজ মহামারি সামাল দেয়া। এরপর দুর্নীতি দূর করতে কাজ করবেন তিনি।
তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা এক মাস দুই মাস দেখেন আমরা কাজ করি, তারপর মূল্যায়ন করবেন। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই আস্থা ফেরাতে পারব। এজন্য সবার সহযোগিতা চাই।’

সোমবার (২৭ জুলাই) অনলাইনে প্রথম সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দুর্নীতি কমানো নাকি মহামারি দূর করা-কোনটাকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করবেন এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যের ডিজি বলেন, ‘আমার প্রথম কাজ হবে মহামারি সামাল দেয়া। কারণ আগে তো বাঁচি, তারপর অন্যকিছু। বাঁচলে দুর্নীতি দূর করতে কাজ করা যাবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘আমি সবেমাত্র দায়িত্ব নিয়েছি। এখানকার বিষয়ে বলতে পারব না। তবে আমরা চিকিৎসকরা করোনার মধ্যে মানুষের সেবা দেয়ার শতভাগ চেষ্টা করেছি। করোনার শুরুতে সবার এ ভাইরাস সম্পর্কে সুষ্ঠু ধারণা ছিল না, তাই সবারই ভয় ছিল। কিন্তু এখন অনেকটা কেটে গিয়েছে।’

