ক্রেস্ট সিকিউরিটিজ কেলেঙ্কারি: পরিচালক ওয়াহিদুজ্জামান গ্রেফতার
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ১২:১০
ক্রেস্ট সিকিউরিটিজ কেলেঙ্কারির অন্যতম পলাতক আসামি কোম্পানির পরিচালক ওয়াহিদুজ্জামানকে গ্রেফতার করেছে রমনা ডিবি।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর খিলক্ষেতের লেকসিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির রমনা বিভাগ।
ডিএমপির রমনা গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক গণমাধ্যমকে জানান, ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের বিরুদ্ধে পল্টন থানায় প্রতারণার অভিযোগে মামলা ছিল। ওই মামলায় প্রতিষ্ঠানের পরিচালক ওহিদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।
প্রতারণা ও অর্থ আত্মসাতের বিষয়ে ওহিদুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে গত ৬ জুলাই নোয়াখালীর লক্ষীপুরের মাইজদি সীমান্ত এলাকা থেকে ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ ও তার স্ত্রী নিপা সুলতানাকে গ্রেফতার করে ডিবির রমনা বিভাগ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য এই প্রতিষ্ঠানটিতে ২২ হাজার গ্রাহক রয়েছে। পুলিশের গোয়েন্দা শাখা ডিবির হাতে গ্রেফতার হওয়ার পর জিজ্ঞাসাবাদে মো. শহীদ উল্লাহ এই টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন।

