এ্যানি আক্তার-এর “ভালোবাসার গল্প”, “নিষিদ্ধ কায়া” ও অন্যান্য কবিতা
শিল্প-সাহিত্য । উত্তরদক্ষিণ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ১৪:৩০
১.
নিষিদ্ধ কায়া
ঘরের জানালা দিয়ে দেখতে পাওয়া
বিশাল আকাশটা শুধুই আমার,
কিন্তু আমার যে নেই তাতে অবাধ বিচরণ
আমার ধরা ছোঁয়ার বাইরের আকাশটার জন্য আমার যে বড্ড মায়া!
অনুভূতিগুলো তার দেয়া সীমানা পেরোতে পারে না,
তার কাছে আমি যেনো এক আড়াল করা ছায়া।
আমি নিষিদ্ধ, আমার আকাশ ছোঁয়া মানা
আমার ইচ্ছে মন সে মানাতো বোঝে না,
আমি নিঃশব্দে অশ্রুজল ফেলি
আমার ঝড়ে পরা ডানা দুটোর জন্য,
এই আর্তনাদ আমার আকাশ অব্দি আর পৌঁছে না।
আমার যে বড্ড মায়া!!
যেদিন ছিড়ে যাওয়া মায়ার সুতোয়
আর পড়বে না কোনো টান,
সেদিন হয়তো আকাশ অঝরে কাঁদবে
হয়তো ভুলে যাবে বা করবে অভিমান।
বিশাল আকাশের বুকে উড়ে বেড়ানো
হাজারো পাখির ভীড়ে,
ডানাহীন পাখিটাকে আকাশের কি
কখনো মনে পড়বে?
কখনো কি বুঝবে তার একেঁ দেয়া
সীমা রেখার বন্দী জীবনে,
কতটা কষ্ট বুকে বেঁধে পাখিটি বিসর্জন দিয়েছে
তার সব থেকে প্রিয় দুটি ডানা।
তবুও তার আকাশে রোজ নিয়ম করে সূর্য ওঠে,
চাঁদের জোৎস্না ছড়ায়, মেঘগুলো সব বৃষ্টি হয়ে ঝড়ে।
আমার যে বড্ড মায়া!!
কোনো এক দিন বুঝবে কি আকাশ ?
“আমি যে বিনা দোষে দণ্ডিত এক কায়া।”
২.
ভালোবাসার গল্প
ভালোবাসা আটকে থাকে তোমার বুক পকেটের ভাঁজে
একটি বৃষ্টি ভেজা কদম কিংবা শিউলি মালার সাজে;
ভালোবাসা লেপ্টে থাকে হঠাৎ আসা ঝুম বৃষ্টির মাঝে,
একটা সন্ধ্যে নিরবতা আর ধোঁয়া ওঠা চায়ের কাঁপে।
ভালোবাসা বাঁধা থাকে দুই হৃদয়ের স্পর্শে
ললাট জুড়ে চুমু আঁকা তোর বিষাদে কিংবা হর্ষে;
ভালোবাসা জাপটে থাকে স্মৃতির মায়া জুড়ে
পিষ্টে যাওয়া অনুভূতির রোজ দহনে পুড়ে।
ভালোবাসা ক্ষয়ে যায় অর্ধেকখানি অপেক্ষাতে
বেহিসেবি উপেক্ষা আর তোমার দেয়া শূণ্যত্যাতে;
ভালোবাসা মানে, তুমি আমি এক মিথ্যে কোনো গল্প
শেষ হয়েও যা হয় না শেষ, কিছুটা থাকে অল্প।
৩.
দীর্ঘশ্বাসের দায়
আমার হঠাৎ কান্না পাওয়া মন
আর তোমার আমায়,
ভুলে থাকার আবছা আয়োজন।
রাত্রি ভোরে শলতে পুড়ে
তোমার দেখা নাই,
চোখের কোনায় দাগ থেকে যায়
তোমার অপেক্ষায়।
থাকো তবে তোমার মতো
আপন জগত জুড়ে,
আমি না হয় একাই রবো
‘ভালোবাসি’র তরে।
মন পাখিটা ছুটবে যেদিন
মায়ার খাঁচা ভেঙে,
খুঁজবে সেদিন আমায় তুমি
এক দীর্ঘশ্বাসের দায়ে।
৪.
কে বা আপন কে বা পর
বিষাদের উঠোন পেরিয়ে পা বাড়াই
রত্তিখানিক ভালোবাসা আর মায়ার টানে,
অবুঝ আমি বুঝিনি তোমাদের শহরে
মানুষ ভেবে মন পড়ে কজনে!!
শংখচিলের ডানায় এ শহরে উড়ে বেড়ায়
হরেক রঙের উপেক্ষার মন,
পদ্মপাতার জলে রোজ লুকোয়
হাজারো মন খারাপের ক্ষণ!
এ শহরে খুব গোপনে পুড়ছে হৃদয়
নেই মায়া, নেই কোনো ঘর,
নিখোঁজ আমি তবুও খুঁজে বেড়াই
কে বা ‘আপন’ কে বা ‘পর’!

