ঢাকা-দিল্লির সম্পর্ক ‘ব্যতিক্রমী ঘনিষ্ঠ’: ইন্ডিয়া

ঢাকা-দিল্লির সম্পর্ক ‘ব্যতিক্রমী ঘনিষ্ঠ’: ইন্ডিয়া

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ জুলাই ২০২০ । আপডেট: ১০:৩০

ইন্ডিয়া সুস্পষ্টভাবে বলেছে, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ‘ব্যতিক্রমী ঘনিষ্ঠ’। প্রতিবেশী উভয় দেশই তাদের সম্পর্ক গড়ার ক্ষেত্রে পারস্পরিক সংবেদনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার বিষয়টিকে উপলব্ধি করে। সাপ্তাহিক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং-এ ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বৃহস্পতিবার (৩০ জুলাই) এ কথা বলেন।

শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসসের এক প্রতিবেদনে এমনটাই তুলে ধরা হয়। এতে বলা হয়- ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘আপনারা অবশ্যই ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য দেখেছেন, যেখানে তিনি বলেছেন- এই অঞ্চলে ভালো প্রতিবেশীসুলভ সম্পর্কে বাংলাদেশ রোল মডেল।’

অযোধ্যাতে রাম মন্দির নির্মাণের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে দু’জন ইন্ডিয়ান সাংবাদিক তার দৃষ্টি আকর্ষণ করে এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব একথা বলেন। আগামী ৫ আগস্ট থেকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু হবে।

গত ২৭ জুলাই ইন্ডিয়ান সংবাদপত্র ‘হিন্দু’তে প্রকাশিত ওই সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ফাটল ধরাতে পারে এমন কোনও পদক্ষেপ নেয়া থেকে ইন্ডিয়ার বিরত থাকা উচিত।

ইন্ডিয়া- বাংলাদেশকে ১০টি ‘সেকেন্ড হ্যান্ড’ ডিজেল লোকোমোটিভ দিয়েছে বলে একটি বাংলাদেশি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে শ্রীবাস্তব বলেন, ‘জরুরি প্রয়োজনে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে আমাদের মজুত থেকে এই লোকোগুলো সরবরাহ করা হয়েছে।’ বাংলাদেশে ইন্ডিয়ান হাই কমিশনার গত চার মাস ধরে বারবার চেষ্টা করা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাননি বলে একটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, একই সংবাদপত্রে বাংলাদেশ-ইন্ডিয়া সম্পর্ক বিষয়ে একটি ‘মনগড়া’ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading