হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি

হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, আপডেট ০৯:০০

সৌদি আরবে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য হজ পালনে নতুন সুবিধা ঘোষণা করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, যোগ্য কর্মীরা হজ আদায়ের জন্য সর্বোচ্চ ১৫ দিনের বেতনসহ ছুটি পাবেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ছুটির মেয়াদ সাধারণত ১০ থেকে ১৫ দিনের মধ্যে নির্ধারিত হবে এবং এর মধ্যে ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। ফলে কর্মীরা একই সময়ে ধর্মীয় দায়িত্ব পালন ও উৎসবের ছুটি উপভোগ করতে পারবেন। সৌদি শ্রম আইন ও অধিকারের আওতায় এই নিয়ম কার্যকর করা হয়েছে।

তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মীকে অন্তত দুই বছর ধরে একই প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে। পাশাপাশি, এই ছুটি চাকরি জীবনে একবারই পাওয়া যাবে এবং শুধু সেই কর্মীরাই এর আওতায় আসবেন, যারা আগে কখনো হজ পালন করেননি।

এছাড়া, প্রতি বছর কতজন কর্মী এই বিশেষ ছুটির সুযোগ পাবেন, তা নির্ধারণের ক্ষমতা থাকবে নিয়োগকর্তার হাতে। প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রয়োজন বিবেচনা করে কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগ সৌদি আরবে কর্মরত মুসলিমদের জন্য ধর্মীয় দায়িত্ব পালনে সহায়ক হবে এবং একই সঙ্গে তাদের শ্রম অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: গালফ নিউজ

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading