বিএনপি নেতা সাবেক বিমান প্রতিমন্ত্রী আবদুল মান্নান মারা গেছেন
উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৫০
বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান আর নেই। বার্ধক্যজনিত নানা জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০৪ আগস্ট) দিবাগত রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
মান্নানের একান্ত সহকারী মিয়া মো. ফিদা গণমাধ্যমকে বলেন, “স্যার রাত ৯টা ২৪ মিনিটে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উনি দীর্ঘদিন কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছিলেন।”
গত রবিবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে মান্নানকে এই হাসপাতালে ভর্তি করা হয়।
মান্নান-এর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বুধবার সকাল ১১টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম, বেলা ১২টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে মান্নানের মরদেহ নেওয়া হবে নবাবগঞ্জে।
বিকাল ৩টায় ডালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় এবং বিকাল ৪টায় দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে চতুর্থ জানাজা শেষে মান্নানকে ঢাকার আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে বলে ফিদা জানান।
১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন আবদুল মান্নান।
আবদুল মান্নানের মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, ঢাকা জেলা সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, নির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরী পৃথক পৃথক শোক বার্তায় শোক প্রকাশ করেছেন। সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

