সৈয়দপুরে মাদক ব্যবসায়ী জঞ্জালু গ্রেফতার
শাহজাহান আলী মনন | উত্তরদক্ষিণ
সৈয়দপুর (নীলফামারী) : শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ১১:৪১
নীলফামারীর সৈয়দপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী জঞ্জালুকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে শহরের ওয়াবদা মোড়স্থ সৈয়দপুর-রংপুর মহাসড়কের একটি পেট্রোল পাম্প থেকে তাকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে নেয়া হলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, সৈয়দপুর থানার এসআই সাহিদুর রহমানের নেতৃত্বে এসআই ইন্দ্র মোহন, এএসআই আখতারুজ্জামান পলাশ ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিক্তিতে গোলাহাট ওয়াবদা মোড়স্থ খাদিজা পেট্রোল পাম্প সংলগ্ন বাবুল ট্রেংডিং এর সামনে আকস্মিক অভিযান চালানো হয়। এসময় কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী মোঃ বাবু ওরফে জঞ্জালুকে (৪৩) ২শ’ গ্রাম গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। জঞ্জালু ওয়াপদা হাজীপাড়া এলাকার মৃত বদর উদ্দিন এর ছেলে।
ঘটনার দিনে পুলিশের সহকারি উপ- পরিদর্শক আখতারুজ্জামান পলাশ ক্রেতা সেঁজে তাকে গাঁজাসহ হাতেনাতে আটক করেন বলেও জানা যায়।
পরে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতে আসামীকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ এর ১(২১) মোতাবেক ১ বৎসরের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান জানান, সৈয়দপুরকে মাদকমুক্ত করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় আজ এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

