দেশের ফুটবলে বড় ধাক্কা: এক কর্মকর্তাসহ ১৮ খেলোয়ার করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ২১:৩০
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফুটবলারদের মাঠে ফেরাতে উদ্যোগ নিয়েছে। কিন্তু বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাই পর্বের ক্যাম্পে ডাক পাওয়া জাতীয় দলের ২৪ জন খেলোয়াড়ের করোনার নমুনা পরীক্ষায় দেখা গেছে তাদের মধ্যে বাফুফের একজন কর্মকর্তাসহ ১৮ জনই করোনায় আক্রান্ত। ফলে শুরুতেই বড় ধাক্কা খেলো সংস্থটি।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় ফুটবলার ও বাফুফে কর্মকর্তাদের করোনা পরীক্ষার পর এই তথ্য মিলেছে। এর আগে গত ৫ আগস্ট ৪ জন ফুটবলারের দেহে করোনা শনাক্ত করা হয়েছিল বলে বাফুফে সূত্রে জানা গেছে। করোনাভাইরাস পরিস্থিতিতে গত ১৭ মে বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঝপথেই বাতিলের সিদ্ধান্ত নেয় বাফুফে। এরও আগে থেকে জাতীয় দলের ফুবলাররা মাঠের বাইরে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনায় সকল ধরণের ফুটবল ম্যাচ এবং লীগ বন্ধ ছিলো। সম্প্রতি বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ বাছাই পর্বের ক্যাম্প আয়োজন করে বাফুফে। স্বাস্থ্য বিধি অনুযায়ী ক্যাম্প শুরুর আগে দুই দফায় করোনা পরীক্ষায় ২৪ জন খেলোয়াড়ের মধ্যে এক কর্মকর্তাসহ ১৮ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। করোনা পরীক্ষায় যাদের নেগেটিভ তারা এখন গাজীপুরের সারা রিসোর্টে আছেন। তারাও করোনা ঝুঁকির বাইরে কিনা তা নিয়ে শঙ্কিত।
এ ঘটনায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন গুরুত্বপূর্ণ দলের জন্য প্রয়োজন ছিল সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিশেষ গাইডলাইন। এক্ষেত্রে শুধুমাত্র স্বাস্থ্যবিধিই যথেষ্ট নয়। এমনকি নেগেটিভ ফলাফল আসলেও সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে রাখা উচিত বলে মনে করেন বাফুফের মেডিকেল কমিটির ডেপুটি চেয়ারম্যান।
এ বিষয়ে সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, ‘দায়িত্ব ছিল আরও আগে ক্যাম্পটি শুরু করার। একমাস আগে যদি এই পরীক্ষা হতো তাহলে হয়তো এতদিনে সুস্থ হয়ে খেলার ধারায় ফিরে আসতে পারতো।’

