ডাকাতকে চিনে ফেলাটাই হলো তাদের কাল!

ডাকাতকে চিনে ফেলাটাই হলো তাদের কাল!

উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ১০:০০

পিরোজপুরের মঠবাড়িয়ায় একই পরিবারের শিশু সন্তানসহ ৩ জনকে নৃশংসভাবে হত্যার ঘটনার মূল হোতা অলি বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গ্রেফতারের পরই বেরিয়ে এসেছে রোমহর্ষক এই হত্যাকান্ডের মূল কারণ।

শনিবার (৮ আগস্ট) রাতে মঠবাড়িয়া থানায় এ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের অটোরিকসা চালক আয়নাল হক হাওলাদারের ঘরে ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে আসামিরা সেদিন প্রবেশ করেছিল। কিন্তু গৃহকর্তা আয়নাল হক তাদের চিনে ফেলায় নিজেদের বাঁচাতে আয়নালকে তার স্ত্রী ও শিশু সন্তানসহ হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে আসামিরা । এ হত্যাকাণ্ডে আরও ২ জন জড়িত আছে। তাদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা হলো না। গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই সকালে মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের মৃত রতন হাওলাদারের পুত্র অটোচালক আয়নাল হক হাওলাদার (৩৫), আয়নাল হক হাওলাদারের স্ত্রী খুকুমনি বেগম (২৫) ও তাদের সন্তান আসফিয়া ইসলাম (৩) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পরপরই পুলিশ এটাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তদন্ত শুরু করে।

এ ঘটনায় পরের দিন আয়নালের শ্বশুর বাদী হয়ে মঠবাড়িয়া থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করে । এরপর গত শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত রাত ১টার দিকে মঠবাড়িয়ার সাফা থেকে প্রথমে অলী বিশ্বাসকে গ্রেফতার করে তার তথ্য অনুযায়ী রাকিব বেপারীকে গ্রেফতার করে পুলিশ । এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading