শ্বাসকষ্ট নিয়ে লীলাবতী হাসপাতালে সঞ্জয় দত্ত
উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৩০
শ্বাসকষ্ট ও বুকে অস্বস্তি বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। শনিবার (০৮ আগস্ট) সন্ধ্যায় ৬১ বছরের এই অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, অক্সিজেনের অভাব হওয়ার কারণে তিনি এই সমস্যায় ভুগছিলেন। তার র্যাপিড অ্যান্টিজেন টেস্টের প্রতিবেদনে কোভিড-১৯ নেগেটিভ এসেছে। তবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সবসময় সঠিক নাও হতে পারে। তাই অভিনেতা করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা আরও একবার নিশ্চিত হতে সোয়াব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তাকে নন কোভিড ওয়ার্ডেই রাখা হয়েছে। এই মুহূর্তে তিনি চিকিৎসক জলিল পার্কারের তত্ত্বাবধানে রয়েছেন।
অভিনেতার শরীরে হঠাৎ করে কীভাবে অক্সিজেনের ঘাটতি হলো, তা জানতে আরও বেশকিছু পরীক্ষা করা হবে বলে জানা গেছে। তবে আপাতত তিনি ভালো আছেন বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্র: জি নিউজ (বাংলা)

