জামিনে মুক্ত শিপ্রা
উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:৪০
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ কক্সবাজার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন জানান, আদালতের জামিন আদেশের কপি হাতে পাওয়ার পর রবিবার (৯ আগস্ট) বিকাল ৫টা ১০ মিনিটে তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে বেলা সাড়ে ১২টায় শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেন তার জামিন আবেদন মঞ্জুর করেন। তাকে পুলিশের তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে তথ্যচিত্র নির্মাণে যুক্ত ছিলেন শিপ্রা। মেজর সিনহা নিহতের পর টেকনাফ থানা পুলিশ মাদক আইনে মামলা দিয়ে শিক্ষার্থী শিপ্রাকে কারাগারে পাঠিয়েছিল গত ১ আগস্ট।
এছাড়া নিহত সিনহার অপর সহকর্মী শাহেদুল ইসলাম সিফাতের জামিন আবেদনের শুনানি হলেও আদালত রবিবার আদেশ দেয়নি। সিফাতের আইনজীবী মাহবুবুল আলম টিপু জানান, তার ব্যাপারে আদালত ‘সোমবার আদেশ দেবে’।

