জন্মদিনে কোকোর সমাধীতে বিএনপির শ্রদ্ধা
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:১০
বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্মদিনে তার সামধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে কয়েকজন নেতা বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বনানী কবরাস্থানে কোকোর কবরে পুস্পস্তবক অর্পণ করেন এবং জিয়ারত করেন। এসময় ফাতেহা পাঠের পর কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন উপস্থিত নেতাকর্মীরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আমিনুল হক, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, যুব দলের সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্র দলের ফজলুর রহমান খোকন প্রমুখ।
২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। আজ বুধবার তার ৫১তম জন্মবার্ষিকী পালন করছে বিএনপি। এ উপলক্ষে দুপুরে ঢাকার মিরপুরে একটি এতিমখানায় বিএনপির পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মিলাদ হওয়ার কথা রয়েছে, যেখানে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

