বিপিসি এলপিজি সিলিন্ডার ৬০০ টাকার বেশি রাখলে ‘অভিযোগ করুন’

বিপিসি এলপিজি সিলিন্ডার ৬০০ টাকার বেশি রাখলে ‘অভিযোগ করুন’

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:৩০

সরকারি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এলপিজি সিলিন্ডারের মূল্য ৬০০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। কোনও দোকানদার যদি ১২.৫ কেজি’র বিপিসি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের অধিক দাবি করেন বা বিক্রি করেন তাহলে ভোক্তা অধিকারে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন সংস্থাটির পরিচালক মো. মঞ্জুর শাহরিয়ার। একই সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের এই পরিচালক বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্ট করা হয়েছে; যেখানে এই মেসেজ দেয়ার চেষ্টা করা হয়েছে যে, গ্যাস সিলিন্ডারের মূল্য ৬০০ টাকা নির্ধারণ করা সত্বেও বেশি দামে বিক্রি করা হচ্ছে।’

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এলপিজি সিলিন্ডার

তিনি বলেন, ‘ক্রেতাসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শুধুমাত্র সরকারি (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC) এলপিজি সিলিন্ডার-এর মূল্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে; যা গত ২১ জুলাই ২০২০ তারিখ হতে কার্যকর করা হয়েছে। এ মূল্যটি অন্য কোনও বেসরকারি গ্যাস কোম্পানির সিলিন্ডার-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।’

বুধবার (১২ আগস্ট) এক বিবৃতিতে মঞ্জুর শাহরিয়ার আরও বলেন, ‘BPC এর এলপিজি (১২.৫ কেজি) সিলিন্ডার এর মূল্য কোনও বিক্রেতা ৬০০ টাকার অধিক রাখলে প্রমাণসহ লিখিত অভিযোগ করুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়সমূহে (www.dncrp.gov.bd)।’ এ জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার ১৬১২১-এ যে কেউ যেকোনও সময় কল করে অভিযোগ জানালে অভিযুক্ত বিক্রেতা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading