আবার ‘শোন অ্যারেস্ট’ নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

আবার ‘শোন অ্যারেস্ট’ নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১০:২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও একটি হত্যা মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে সেলিম মন্ডল হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে বলে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

তিনি জানান, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে আইভীকে এই শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

এর আগে ফতুল্লা থানায় বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা এবং সদর মডেল থানায় করা হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে করা মোট ৫ মামলায় গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে হাইকোর্ট থেকে জামিন পান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

পাঁচ মামলায় জামিন পাওয়ার একদিন না পেরুতেই আরও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো আইভীকে। এ নিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট ১১টি মামলায় আসামি করা হলো আইভীকে।

সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে ২০২৪ সালের ৩০ জুন ওয়াজেদ আলী নামে এক কৃষক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি করেছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় আগুনে পুড়ে নিহত হন সেলিম মন্ডল। মামলার তদন্তের দায়িত্বে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ এ মামলার তদন্তে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততা থাকার অভিযোগে আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘বর্তমানে আইভী কারাগারে থাকায় আদালতের নির্দেশে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।’

উল্লেখ্য, গত বছর ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে আইনশৃংখলা বাহিনী।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading