আবারও জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়িয়ে যাবে: শিবলি রুবাইয়াত
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৫০
‘আমরা অত্যন্ত আশাবাদী যে এ বৈশ্বিক দুর্যোগেও আমরা আরও বেশি দৃঢ়তা প্রদর্শন করব যার প্রমাণ ইতোমধ্যে প্রতিফলিত হচ্ছে। আমরা আশা করি ২০২১ সালের মধ্যে কোভিড-১৯ পরবর্তী ভি-শেপড পুনরুদ্ধার সম্ভবপর হবে এবং আবারও জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়িয়ে যাবে।’ বলেছেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলাম।
তিনি বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে উঠতে বাংলাদেশের মানুষ, সরকার ও ব্যবসায়ীরা সর্বদা তাদের দৃঢ়তা দেখিয়েছে।
‘স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্লোবাল রিসার্চ ব্রিফিং ২০২০’ শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার অনলাইনে এ অনুষ্ঠানে ব্যাংকের তিন শতাধিক গ্রাহক ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন।
এসময় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, বাংলাদেশ এ বৈশ্বিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে অন্যান্য দেশের চেয়ে সুবিধাজনক অবস্থান থেকে, যার কারণগুলো হলো দেশের তুলনামূলকভাবে সীমিত বৈদেশিক এবং সামগ্রিক ঋণ ও পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিবেচনায় শক্তিশালী ডেব্ট সার্ভিস ক্যাপাবিলিটি।
তিনি বলেন, ‘আমরা আমাদের মজবুত অর্থনৈতিক ভিত্তি এবং দেশের কর্মঠ মানুষের দৃঢ়তা কাজে লাগিয়ে আমাদের অর্থনৈতিক গতি পুনরায় ফিরিয়ে আনতে পারব এবং জাতির কাঙ্খিত সাফল্য অর্জন করব বলে আমি আশাবাদী।’
অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ডের আসিয়ান ও দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতিবিদ এডওয়ার্ড লি বলেন, ‘বিশ্বজুড়ে ভয়াবহ মন্দার মাঝেও আসিয়ান ও দক্ষিণ এশিয়ার দুটি দেশ এ বছর ইতিবাচক প্রবৃদ্ধিতে যাবে। বাংলাদেশ এর অন্যতম, অন্য দেশটি ভিয়েতনাম।’ তিনি বলেন, ‘জিডিপি প্রবৃদ্ধির দৃষ্টিকোণ থেকে বিশ্বের সব দেশের জন্যই চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক ছিল সবচেয়ে খারাপ। সেখানেও পুনরুদ্ধার দেখাতে পেরেছে বাংলাদেশ।’
এডওয়ার্ড লি উল্লেখ করেন, ইউরোজোন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের মতো মূল ব্যবসায়ীক অংশীদারদের ২০২০-২০২১ অর্থবছরে তীব্র সংকোচনের সম্ভাবনা থাকায় আংশিকভাবে প্রবৃদ্ধি হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। -ইউএনবি।

