২০২২ সালের মধ্যে ৮ বিভাগে ক্যান্সার হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৫৫
দেশের আট বিভাগে ২০২২ সালের মধ্যে আটটি ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আটটি বিভাগীয় পর্যায়ে ক্যান্সার হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার নিয়ে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২০২২ সালের মধ্যেই দেশের আট বিভাগে আটটি ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে। এ হাসপাতালে ক্যান্সার রোগের পাশাপাশি কিডনি ও হার্টের চিকিৎসারও পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। ক্যান্সার, কিডনি ও হার্টের চিকিৎসার জন্য প্রতিটি বিভাগে অন্তত ৩০০টি করে শয্যা রাখা হবে।’

তিনি জানান, হাসপাতালের শয্যাগুলো আধুনিকায়ন করার পাশাপাশি ওয়েটিং রুম, চিকিৎসকদের বিশ্রামাগার এবং অ্যাটেন্ডেন্টসদের জন্য আধুনিক ও উন্নত ব্যবস্থা রাখা হবে।
হাসপাতালগুলো নির্মাণের পর দেশের মানুষকে চিকিৎসার জন্য আর বিদেশমুখী হতে হবে না বলেও উল্লেখ করেন তিনি। -ইউএনবি।

