কিট অনুমোদন না পাওয়ায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে: ডা. জাফরুল্লাহ

কিট অনুমোদন না পাওয়ায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে: ডা. জাফরুল্লাহ

উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:৩৭

গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করোনা অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমোদন না পাওয়ায় প্রতিষ্ঠানটির ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘পৃথিবীতে প্রথম অ্যান্টিবডি টেস্ট কিট আমরা উদ্ভাবন করি। কিন্তু সরকারের সিদ্ধান্তহীনতা এবং অন্য উদ্দেশ্য থাকার কারণে আমাদের কিট অনুমোদন দেওয়া হয়নি। এতে জনগণ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।’

শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতালে প্লাজমা সেন্টারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে এই প্লাজমা সেন্টার করা হয়। এসময় জানানো হয়, ৫ হাজার টাকায় গণস্বাস্থ্য কেন্দ্র থেকে প্লাজমা পাওয়া যাবে।

নিজেদের তৈরি অনুমোদনহীন টিক প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ আরও বলেন, ১০টি দেশ গণস্বাস্থ্য উদ্ভাবিত অ্যান্টিবডি টেস্ট কিট নেওয়ার জন্য উদগ্রীব ছিল। ‘সময়মতো রেজিস্ট্রেশন না হওয়ায় বাইরে পাঠাতে পারিনি। অথচ আমাদের পরে উদ্ভাবন করেও আমেরিকা থেকে শুরু করে বেশ কয়েকটি দেশ কিটের অনুমোদন দিয়ে ফেলেছে। কিন্তু আমাদেরটা অনুমোদন না পাওয়া- এটা জাতির জন্য দুর্ভাগ্য।’

এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ খান, গণস্বাস্থ্যের অ্যান্টিবডি টেস্ট কিটের উদ্ভাবক ডা. বিজন কুমার শীল, প্লাজমা দানকারী অধ্যাপক ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading