হবিগঞ্জের মেডিক্যাল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির মামলা
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ২০:১৫
কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানসহ ৩ জনের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকৃত দামের চেয়ে অতিরিক্ত দামে বই কিনে ১ কোটি ২৯ লক্ষ ৩৩ হাজার ১২১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে একটি মামলায়। ওই মামলার অপর আসামি হলেন- নির্ঝরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলী। রবিবার (১৬ আগস্ট) দুদকের উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে দুদক। কমিশনের উপ-সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। সেই মামলার অপর আসামি হলেন- পুনম ট্রেড ইন্টারন্যাশনালের এসএম নজরুল ইসলাম নুতন।
মামলার অভিযোগে বলা হয়েছে, অতিরিক্ত মূল্য দেখিয়ে যন্ত্রপাতি কেনার মাধ্যমে ২ কোটি ১৪ লক্ষ ৪৭ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেছেন আসামিরা।

