শিপ্রার একান্ত ছবি ফেসবুকে ফাঁস নিয়ে রিট, শুনানি মঙ্গলবার

শিপ্রার একান্ত ছবি ফেসবুকে ফাঁস নিয়ে রিট, শুনানি মঙ্গলবার

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৫০

কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মোহাম্মদ রাশেদ খানের তথ্যচিত্র নির্মাণ উদ্যোগের অন্যতম সহকর্মী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করা নিয়ে একটি রিট করা হয়েছে হাইকোর্টে। রিটটি শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক।

রবিবার (১৬ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক ‘জনস্বার্থে’ রিটটি করেন। রিট আবেদনে শিপ্রাকে নিয়ে ফেসবুকে উসকানিমূলক পোস্ট করায় জড়িত ‘পুলিশ কর্মকর্তাদের’ বিষয়ে তদন্তেরও নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আরজি জানানো হয়েছে। পুলিশের ওই দুই কর্মকর্তা হলেন-সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি মিজানুর রহমান শেলি।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, পুলিশের মহাপরিদর্শক আইজি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান পরিচালক, খুলনা রেঞ্জের ডিআইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রবিবার দেশের একটি ইংরেজি জাতীয় পত্রিকায় ‘সাইবার বুলিং নাউ অ্যাডস টু হার ট্রমা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে সংবাদটি সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়।

প্রতিবেদনে বলা হয়, সাতক্ষীরার এসপি মোস্তাফিজুর রহমান ১৪ আগস্ট শিপ্রার ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে তার নির্দোষ হওয়ার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। এরকম আরও ছবি আসার ব্যাপারেও ইঙ্গিত দেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি মিজানুর রহমান শেলি একই রকম পোস্ট করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading