জিয়াকে খাটো করার অপচেষ্টা হচ্ছে, আবারও বললেন ফখরুল

জিয়াকে খাটো করার অপচেষ্টা হচ্ছে, আবারও বললেন ফখরুল

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:০৫

সরকার ‘ইতিহাস বিকৃত করে অপরাজনীতিতে নেমেছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের পুণঃপ্রতিষ্ঠাকারী ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান বীরউত্তমকে বিতর্কিত করার হীন উদ্দেশ্যে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের একটি সংগঠিত ঘৃণ্য অপতৎপরতা জাতি গভীর ক্ষোভের সাথে লক্ষ্য করছে। সরকারপ্রধান কর্তৃক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকাকে বিকৃত করার মাধ্যমে সে অপচেষ্টা নতুনভাবে শুরু করা হলো।’ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে গত রবিবার (১৬ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পাঁচত্তরের ১৫ অগাস্ট জাতির জনকসহ তার পরিবারের কয়েকজন সদস্যকে হত্যায় খন্দকার মোশতাকের সহযোগী হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পূর্ণ জড়িত ছিলেন।’ বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিদের রক্ষায় ইমডেমনিটি আইন করা এবং খুনিদের পুনর্বাসনে জিয়া ও তার স্ত্রী খালেদা জিয়ার ভূমিকার কথাও বলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

এর জবাবে মঙ্গলবার বিএনপি মহাসচিব বলেন, ‘জিয়াউর রহমানকে ১৫ অগাস্ট হত্যা মামলার সাথে সম্পৃক্ত করার অপচেষ্টা করা হচ্ছে। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের কারা হত্যা করেছে- সেটা ইতিমধ্যে আদালতে নির্ধারিত হয়ে গেছে এবং এই হত্যার জন্য কোথাও জিয়াউর রহমানকে দোষারোপ করার মতো কিছুই পাওয়া যায়নি। ওই মামলায় জিয়াউর রহমান কিংবা তার ঘনিষ্ঠ কাউকে আসামিও করা হয়নি। কিন্তু এখন তারা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে সম্পৃক্ত করার ষড়যন্ত্র শুরু করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘১৫ অগাস্ট হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামিকে (আব্দুল মাজেদ) দিয়ে বন্দি অবস্থায় দেশের আইন, আদালত, শাসনব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে সরকারের ‍মুসাবিদায় মিথ্যা ও ভিত্তিহীন বিদ্বেষমূলক বক্তব্যের ধারণকৃত ভিডিও উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন গণমাধ্যমে প্রচারে বাধ্য করা এবং একই সাথে বেতনভুক্ত সাইবার ফোর্স নিয়োগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে।’

১৯৭৫ সালের ১৫ অগাস্টের হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাকের নেতৃত্বে যে মন্ত্রিসভা হয়েছিল, তারা সকলেই আওয়ামী লীগের নেতা বলে দাবি করেন ফখরুল। বর্তমান পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপি মহাসচিব। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading