চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজি
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৪০
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ক্লাব প্রতিষ্ঠার পঞ্চাশতম বর্ষে এসে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার সুযোগ পেল তারা। মঙ্গলবার দিবাগত রাত ১টায় শুরু হওয়া ম্যাচটিতে লাইপজিগ-এর বিপক্ষে ৩-০ গোলে জিতে ফাইনালে উঠে পিএসজি।
লিসবনে গোটা ম্যাচে দাপট দেখিয়েছে পিএসজি। ষষ্ঠ মিনিটে দুর্দান্ত সুযোগ নষ্ট হয় নেইমারের। কিলিয়ান এমবাপ্পের পাস থেকে শুধু লাইপজিগ গোলরক্ষক পিটার গুলাকসিকে পেয়েও ব্যর্থ হন তিনি। তার শট দূরের পোস্টে আঘাত করে। পরের মিনিটে জার্মান ক্লাবের জালে বল ঢুকেছিল। কিন্তু নেইমারের হ্যান্ডবলের কারণে গোলদাতার খাতায় নাম লিখতে পারেননি এমবাপ্পে, রেফারি গোল বাতিল করে দেন। তবে স্বস্তির গোলের দেখা পিএসজি পায় ১৩ মিনিটে। আনহেল দি মারিয়ার ফ্রি কিক থেকে মারকুইনহোসের দুর্দান্ত হেডে ১-০ হয় স্কোর।
তবে বিরতিতে যাওয়ার আগেই পিএসজি ব্যবধান দ্বিগুণ করে। লাইপজিগের গোলকিপার বল ক্লিয়ার করলে নেইমার তা দখল করেন এবং বল বাড়িয়ে দেন দি মারিয়ার দিকে। আর্জেন্টাইন প্লেমেকার চ্যাম্পিয়নস লিগের মঞ্চে তার ২১তম গোল করতে ভুল করেননি।
বিরতি পর ৫৬ মিনিটে আবারও প্রতিপক্ষের শিবিরে হানা দেয় পিএসজি। দি মারিয়ার ক্রস থেকে হুয়ান বার্নাটের হেড গুলাকসির হাতে লেগে জাল খুঁজে নেয়। আগামী রবিবারের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ কিংবা লিওঁ, বুধবার হবে দ্বিতীয় সেমিফাইনাল।

