অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার ইফতেখার করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৩৫
জাতীয় যুব ক্যাম্পে ডাক পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ৪৫ সদস্যের মধ্যে ইফতেখার হোসেনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দ্বিতীয় ধাপে ১৫ ক্রিকেটারের কোভিড-১৯ পরীক্ষা করালে বরিশালের এ ব্যাটিং অলরাউন্ডারের করোনা শনাক্ত হয়। তবে তার কোনো উপসর্গ ছিল না।
তাকে বিসিবির মেডিকেল প্রটোকলে বিসিবি একাডেমি সেন্টারে সাতদিনের আইসোলেশনে পাঠানো হয়েছে। আর নেগেটিভ আসা বাকি ক্রিকেটারদের বিকেএসপিতে মাসব্যাপী আবাসিক ক্যাম্পের জন্য পাঠানো হয়েছে, যা ২৩ আগস্ট থেকে শুরু হবে।
আইসোলেশনের মেয়াদ শেষ হলে বিসিবি আবারও ইফতেখারের করোনা পরীক্ষা করাবে। ফলাফল নেগেটিভ আসলে তিনি ক্যাম্পে যোগ দেবেন।
এর আগে প্রথম ধাপে আরও ২৭ ক্রিকটারের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। সবার ফলাফল নেগেটিভ আসে। বৃহস্পতিবার তৃতীয় ধাপের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হবে।

