আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ প্লান্ট হবে ‘গেইম চেঞ্জার’: এলজিআরডি মন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:১৫
আমিনবাজারে নির্মিতব্য দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ প্লান্ট স্থাপিত হলে যত্রতত্র পড়ে থাকা ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, ‘এই বিদ্যুৎ প্লান্ট স্থাপিত হলে ঢাকা শহরের রাস্তা-ঘাট এবং খাল-বিলসহ যত্রতত্র ময়লা পড়ে থাকবে না। প্লান্টটি স্থাপিত হলে সেখানে প্রতিদিন তিন হাজার টন ময়লা-আবর্জনা প্রয়োজন হবে। এতো পরিমান ময়লা-আবর্জনা সংগ্রহ করে বিদ্যুৎ প্লান্টে দিলে ঢাকা শহরে ময়লা-আবর্জনার স্তুপ আর থাকবে না।’
শনিবার (২২ আগস্ট) এলজিআরডি মন্ত্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আমিনবাজারে ল্যান্ডফিল স্টেশন এবং গাবতলীর যান্ত্রিক ওয়ার্কশপ পরিদর্শন শেষে এসব কথা বলেন।
এসময় তিনি জানান, রাজধানী ঢাকা শহরের প্রতিদিন গড়ে যে ছয় হাজার টন ময়লা-আবর্জনা তৈরি হয়, তা এখানে ব্যবহার করা হবে।
বর্জ্য থেকে বিদ্যুৎ প্লান্টকে স্বপ্নের প্রকল্প হিসাবে বর্ণনা করে এ প্রকল্পে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেন তিনি।
বিদেশি একটি কোম্পানির সাথে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য চুক্তি করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, চুক্তি হওয়ার ১৮ মাসের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। যদিও তারা এর থেকে কিছুটা সময় বেশি চেয়েছেন।
মো. তাজুল ইসলাম বলেন, আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ প্লান্টের পাশে একটি ইকো পার্কও নির্মাণ করা হবে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পরিকল্পনা অনুযায়ী রাজধানী ঢাকার দুটি সিটি করপোরেশনসহ দেশের সব শহর পরিষ্কার করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে এবং শিগগিরই এটি একটি পরিষ্কার শহর গড়ে তোলতে সহায়তা করবে।’ -ইউএনবি

