ইভ্যালির প্রতারণা: মানিকগঞ্জে ৩৯ লাখ টাকাসহ ম্যানেজার আটক

ইভ্যালির প্রতারণা: মানিকগঞ্জে ৩৯ লাখ টাকাসহ ম্যানেজার আটক

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ২০:৫০

টাকা নিয়ে সময় মতো গ্রাহককে পণ্য না দেওয়াসহ নানা অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জের সিংগাইরের ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির একটি শাখা থেকে প্রায় ৩৯ লাখ নগদ টাকাসহ স্থানীয় ম্যানেজারকে আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা। এসময় আরও দুজনকে আটক করা হয়। সোমবার (২৪ আগস্ট) সিংগাইরের ইউএনও রুনা লায়লা জানান, ইভ্যালি নামের ওই প্রতিষ্ঠান বলধরা এলাকার পারিল বাজারে একটি অফিস স্থাপন করে। তারা বেশি মুনাফার প্রলোভন ও বিভিন্ন পণ্যের আকর্ষণীয় অফার দিয়ে পণ্য বিক্রি করে। কিন্তু চাহিদাকৃত পণ্য সময় মতো না দিয়ে গ্রাহকের সঙ্গে বেশ কয়েক মাস ধরে প্রতারণা করে আসছিল। তিনি আরও জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সোমবার (২৪ আগস্ট) দুপুরে পারিল বাজারে অবস্থিত ইভ্যালির অফিস থেকে নগদ ৩৮ লাখ ৮৯ হাজার ৩শত টাকাসহ অফিস ম্যানেজার বিপ্লবকে (২৫) আটক করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সহকারী ব্যবস্থাপক বদিউল ইসলাম ও জামাল নামে আরও একজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, তারা ইভ্যালির নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোবাইলে কিংবা অনলাইনে নানান ধরনের প্রোডাক্ট অর্ডার নেন। পরে তা গ্রাহকদের পৌঁছে দিয়ে থাকেন। কিন্তু এর আড়ালে ওই প্রতিষ্ঠানটি অল্প দিনে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতিদিন বলধরা শাখায় এক থেকে দেড় কোটি টাকা বিকাশ ও নগদে গ্রহণ করে থাকতো।

উপজেলা নির্বাহী অফিসার এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে অভিযোগকারীরা তাকে জানিয়েছেন প্রতিষ্ঠানটি প্রতিদিন বিকাশ ও নগদে প্রায় ১ থেকে দেড় কোটি টাকা গ্রহণ করেন। কিন্তু তাদের কোনও ব্যাংক অ্যাকাউন্ট নেই। সকাল থেকে দুপুর পর্যন্ত টাকা কালেকশন করে ব্যাগ ভর্তি করে ব্যবস্থাপক নিয়ে যান। নির্বাহী অফিসার রুনা লায়লা জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

এদিকে, বিষয়টি প্রকাশের পর ইভ্যালি থেকে একটি বিৃবতি দিয়ে দেশের কোথাও তাদের শাখা নেই বলে দাবি করেছে। বিবৃতিতে বলা হয়, ইভ্যালির ‘মানিকগঞ্জ শাখা’ বলতে আমাদের ইভ্যালির কোনও শাখা নেই। এধরনের কোনও শাখার কার্যক্রম নেই। বাংলাদেশে ইভ্যালির একটি কার্যালয়, সেটি হচ্ছে- রাজধানী ঢাকার ধানমন্ডির ১৪ নম্বর সড়কে অবস্থিত।

ইভ্যালির ‘শাখা ম্যানেজার’ পদবীয় ব্যক্তিসহ আরও যে দু’জন ব্যক্তিকে আটকের তথ্য সংবাদে দেওয়া হয়েছে তারা কেউই ইভ্যালির সাথে কোনভাবে সম্পৃক্ত নয় বলেও বিবৃতিতে দাবি করা হয়। এতে বলা হয়, তারা ইভ্যালির কোনও পর্যায়ের কর্মকর্তা নন।

ইভ্যালির মতো একটি দেশীয় প্রতিষ্ঠানের ‘ভাবমূর্তি নষ্ট করা’ ও এধরনের অপরাধের পেছনে উদ্দেশ্য হিসেবে থাকতে পারে। আমরা এই ধরনের কাজের তীব্র নিন্দা জানানো হয় বিবৃতিতে।

একই নামে এতদিন ওই ব্যবসা ও প্রত্যারণা চালানোয় আগে তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়নি তার কোনও উত্তর নেই এই বিবৃতিতে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading