পিস্তল-গুলি-পোশাকসহ গাজীপুরে ভুয়া র্যাব সদস্য গ্রেফতার
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:১৫
বিদেশি পিস্তল, গুলি ও পোশাকসহ গাজীপুরে ভুয়া র্যাব সদস্য গ্রেফতার হয়েছে। সোমবার (২৪ আগস্ট) মধ্যরাতে তাকে র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আনোয়ার পাশার (৩০) বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর এলাকায় বলে জানা গেছে।
র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, আউটপাড়া এলাকায় বসবাস করতো আনোয়ার পাশা। সে দেশের বিভিন্ন এলাকায় র্যাবের মেজর শাহীন, মাসুদ রানা ও ব্যাটালিয়নের অধিনায়কের পরিচয় দিয়ে ব্যবসায়ী, জনপ্রতিনিধিদের (ইন্টারনেটের মাধ্যমে) ফোন দিয়ে প্রতারণা করে আসছিল। প্রতারণার শিকার অনেকেই র্যাবের কাছে অভিযোগ করেন। র্যাবের মনোগ্রাম, কর্মকর্তার ছবি ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভনে প্রতারণা করতো এবং বিকাশ/রকেটের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত। এছাড়া অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।
পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় র্যাব-১ এর সদস্যরা। অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আনোয়ার পাশাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে এক ওয়াকিটকি সেট এবং র্যাবের পোশাকও উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। ২০১৬ সাল থেকে সে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল। সূত্র: বাংলা ট্রিবিউন।

