দুর্নীতি মামলায় সম্রাটের স্ত্রীকে দুদকের জিজ্ঞাসাবাদ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৫০
ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুদক প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন কমিশনের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাট ও তার পরিবার ষড়যন্ত্রের শিকার বলে মনে করছেন তার স্ত্রী শারমিন চৌধুরী। দুদকের জিজ্ঞাসাবাদ শেষে তিনি সংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। কী বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানতে চাইলে শারমিন চৌধুরী বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাকে ডাকা হয়েছিল, আসছি। কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তা দুদক কর্মকর্তারা বলবেন।’
সম্রাটের অবৈধ টাকায় তার নামে সম্পদ গড়ে তোলা হয়েছে কিনা এমন অভিযোগের বিষয়ে শারমিন চৌধুরী বলেন, ‘সম্রাট ও আমিসহ পরিবারের সদস্যরা ষড়যন্ত্রের শিকার।’ তবে কারা ষড়যন্ত্র করছে, এ বিষয়ে কিছু বলেননি তিনি।
সম্রাটের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় এদনি দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। এর আগে সম্রাটের ভাই ফরিদ আহমেদ চৌধুরীকেও একই অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সাংবাদিকদের বলেন, ‘২০১৯ সালের নভেম্বরে অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে দুদক মামলা করেছে। এই মামলায় তদন্ত কর্মকর্তা সংশিষ্টদের জিজ্ঞাবাদ করছেন।’ তবে সম্রাটের ভাই ও স্ত্রীর কাছে কী ধরনের তথ্য পাওয়া গেছে তা জানাননি তিনি।
উল্লেখ্য, গত বছরের ৬ অক্টোবর সম্রাটকে তার সহযোগী আরমানসহ কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে।

