পাবনায় জন্মদিনের অনুষ্ঠানে ২ কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু!
শাহীন রহমান । উত্তরদক্ষিণ
পাবনা: শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:০০
পাবনার সাঁথিয়া উপজেলায় ছোট বোনের জন্মদিনে দুই কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে তাদের মৃত্যু হয়।
নিহত কলেজ ছাত্রদের মধ্যে একজন – উপজেলার আতাইকুলা থানার বনগ্রামের সুবাস সাহার ছেলে ও পাবনা পলিটেকনিক কলেজের ছাত্র আকাশ সাহা (১৮) এবং অন্যজন একই গ্রামের নন্দদুলাল সাহার ছেলে ও ঢাকা স্ট্যামফোর্ড কলেজের ৩য় বর্ষের ছাত্র শুভ সাহা (২২)। নিহত দুইজন একে অপরের বন্ধু।
নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বনগ্রামের সুবাস সাহার ছোট মেয়ে ও আকাশের বোন টিকলী রাণীর জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে আকাশের বাড়িতে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতে সবাই ঘুমাতে গেলে আকাশ ও শুভ সাহা দুই বন্ধু অন্য একটি রুমে একসাথে ঘুমাতে যায়।
মধ্যরাতে তারা হঠাৎ করেই অসুস্থ হয়ে পরে। রাতেই তাদের চিৎকারে পরিবারের লোকজন অসুস্থ আকাশকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর বন্ধু শুভ সাহাকে তার স্বজনরা সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে পাবনার বেড়া নামক স্থানে পৌঁছালে সে মারা যায়।
একসাথে একই গ্রামের দুই কলেজছাত্রের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই বন্ধুর পরিবারে চলছে শোকে মাতম। পরিবারের দাবি, জন্মদিনের পাটিতে কেক মিষ্টি ও অতিরিক্ত তেলে তৈরি ভাজাপোড়া খাওয়ার কারণে তারা গ্যাস জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। তবে স্থানীয়দের দাবি, অতিরিক্ত মদ পানে তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা গ্যাসজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। মৃতদের শরীরে মদের কোনো গন্ধ নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

