লক্ষ্মীপুরে মাকে জবাই করে হত্যা করলো পাষণ্ড ছেলে
মো: আবদুল কাদের । উত্তরদক্ষিণ
লক্ষ্মীপুর: শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৩৩
লক্ষ্মীপুরের রায়পুরে ধারালো দা দিয়ে মাকে জবাই করে হত্যা করেছে পাষণ্ড ছেলে। শুক্রবার (২৭ আগস্ট) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামে সর্দার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম (৬০) ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী। গ্রামবাসী ঘাতক ছেলে জাফর হোসেনকে (২৬) আটক করে পুলিশে দিয়েছে।
নিহত শেফালী বেগমের বড়ছেলে জসিম উদ্দিন জানান, গত কয়েক মাস ধরে জাফর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাদক সেবন করে অনেক টাকা ঋণ হয়েছে। এই টাকার জন্য বিভিন্ন সময়ে তার মায়ের কাছে অর্থ দাবি করত এবং খারাপ আচরণ করত।
শুক্রবার সকালে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার মাকে বিছানায় ফেলে দা দিয়ে গলাকেটে হত্যা করে। ঘটনার সময় প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করতে সক্ষম হয়।
খবর পেয়ে রায়পুর থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর কাছ থেকে জাফর হোসেনকে তাদের হেফাজতে নেয়। একই সাথে পুলিশ শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আটক জাফরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে। ছেলের মাদক সেবনের বিরোধের কারণে হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

