প্রণব মুখার্জির অবস্থা আরও সংকটাপন্ন
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:২০
ইন্ডিয়ার সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। সোমবারের (৩১ আগস্ট) স্বাস্থ্য বুলেটিনে এমনটাই জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল। খবর আনন্দবাজারের।
সেনা হাসপাতালের বুলেটিনে বলা হয়েছে, ‘রবিবারের থেকে প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ফুসফুস সংক্রমণের জেরে তার সেপটিক শক দেখা দিয়েছে। চিকিৎসকের দল এবং বিশেষজ্ঞরা চেষ্টা চালাচ্ছেন। ভেন্টিলেটর সাপোর্টে তিনি এখনো কোমাতেই রয়েছেন।’
তিন সপ্তাহ হতে চলল দিল্লির সেনা হাসপাতালে ভর্তি প্রণব মুখোপাধ্যায়। গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। তারপর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়ায় গত ১০ আগস্ট তাকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। তার আগে পরীক্ষায় তার কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।
ফুসফুসের সংক্রমণ ছাড়াও কিডনির সমস্যা রয়েছে প্রণব মুখোপাধ্যায়ের।

