সূচকের সামান্য উত্থান, লেনদেন হাজার কোটির বেশি
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৪২
সোমবার (৩১ আগস্ট) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
সূত্রের তথ্যমতে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৩২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৯৯ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, দর কমেছে ১৯১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪১টির।
সোমবার ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ১৬৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২৫৯ কোটি ৬৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৯০৭ কোটি ১৩ লাখ টাকার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৫.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০৮.১৪ পয়েন্টে। সোমবার সিএসইতে হাত বদল হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০২টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর। এদিন সিএসইতে ৩২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

