সিআর দত্তের মরদেহ দেশে পৌঁছেছে, শেষকৃত্য কাল

সিআর দত্তের মরদেহ দেশে পৌঁছেছে, শেষকৃত্য কাল

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:১৫

মুক্তিযুদ্ধকালীন ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সিআর দত্ত) বীর উত্তম-এর মরদেহ দেশে এসে পৌঁছেছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ৮ টা ৪০ মিনিটে এমিরেটস্ এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে সি আর দত্তের মরদেহ। আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তার মরদেহের শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সি আর দত্ত মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিমান বন্দর থেকে জেনারেল দত্তের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমাগারে রাখা হয়। সেখান থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তার বনানিস্থ ডিওএইচএস এর ২ নম্বর সড়কের ৪৯ নম্বর বাড়ির বাসভবন হয়ে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনার্থে ঢাকেশ্বরী মন্দির চত্তরে নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। ঢাকেশ্বরী মন্দির চত্তর থেকে আনুমানিক ২ঘন্টা পর সকাল ১১টায় মরদেহ নিয়ে যাওয়া হবে রাজারবাগ বরদেশ্বরী শ্মশানে। সেখানে শেষকৃত্যানুষ্ঠানের আগে জেনারেল দত্তের মরদেহের প্রতি সামরিক সম্মাননা জ্ঞাপনের জন্য গানস্যালুট প্রদান করা হবে।

সিআর দত্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার মেয়ের বাসায় গত ২০ আগষ্ট বাথরুমে পড়ে যান, এতে তার পা ভেঙ্গে যায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁর শারিরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। সিআর দত্তের জন্ম ১৯২৭ সালের ১জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। তার বাবার নাম উপেন্দ্র চন্দ্র দত্ত এবং মায়ের নাম লাবণ্য প্রভা দত্ত।

এছাড়াও বাংলাদেশ বর্ডার গার্ড (অধুনালুপ্ত বাংলাদেশ রাইফেলস্)-র প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সিআর দত্ত বীর উত্তম। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম খেতাবে ভূষিত হন৷ এছাড়া ঢাকার কাঁটাবন থেকে কারওয়ান বাজার সিগন্যাল পর্যন্ত সড়কটি ‘বীরউত্তম সিআর দত্ত’ সড়ক নামে নামকরণ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading