‘ভারতরত্ন’ প্রণব মুখার্জি আর নেই
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:২৫
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও ইন্ডিয়ার সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন।সোমবার (৩১ আগস্ট) বিকাল পৌনে ৬টায় তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় টুইটারে তার মৃত্যুর কথা জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ভারতের রাষ্ট্রপতির কার্যালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও তার মৃত্যুর কথা ঘোষণা দেওয়া হয়েছে।
টুইটারে অভিজিৎ লিখেছেন, দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের জানাচ্ছি যে, আর আর হাসপাতালের চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ও ভারতীয়দের প্রার্থনার পরেও আমার বাবা প্রণব মুখোপাধ্যায় কিছুক্ষণ আগে মারা গেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
গত ১০ আগস্ট প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। তারপর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন তিনি। ১০ তারিখেই সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সার্জারির আগে তার করোনা পরীক্ষার ফলও পজিটিভ আসে। নিজেই টুইট করে সেই কথা জানিয়েছিলেন প্রণব।
সার্জারির পর থেকেই কোমায় চলে যান সাবেক রাষ্ট্রপতি। ফুসফুসে সংক্রমণ এবং রেনাল ডিসফাংশনের সমস্যা দেখা দেয় তার। এরপর থেকেই ‘ভারতরত্ন’ প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে ইন্ডিয়াবাসীর মনে। জানানো হয়, ফুসফুসে সংক্রমণের কারণেই প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়।
২০১২ থেকে ২০১৭ পর্যন্ত দেশের রাষ্ট্রপতি পদে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। গত বছর আগস্ট মাসে তাকে সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ‘ভারতরত্ন-’এ ভূষিত করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বিদেশে থাকা জাতির পিতার দুই কন্যা- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটেন প্রবাসী শেখ রেহানা ইন্ডিয়ায় প্রণব মুখোপাধ্যায়ের বাড়িতে আশ্রয় নিয়ে ছিলেন। প্রণবের শ্বশুর বাড়িও বাংলাদেশে। নানা কারণে বঙ্গবন্ধুর পরিবার, আওয়ামী লীগ ও বাংলাদেশের সঙ্গে প্রণব বাবুর গভীর সম্পর্ক ছিল।

