প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৮:৪৬
ইন্ডিয়ার প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ। সোমবার (৩১ আগস্ট) রাতে এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, “সরকার ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে ২ সেপ্টেম্বর (বুধবার) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।”
প্রসঙ্গত, ২২ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (৩১ আগস্ট) দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখার্জি। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণ তাঁর একটি অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু, তার সঙ্গেই কোভিডের ধাক্কা তিনি শেষ পর্যন্ত সামলাতে পারেননি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
তার মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিসহ মন্ত্রিসভার সদস্যরা শোক প্রকাশ করেছেন। শোকবাণীতে তারা তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু। তার মৃত্যু উপমহাদেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।

