রৌমারীতে ৩ ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
মাসুদ রানা । উত্তরদক্ষিণ
রৌমারী (কুড়িগ্রাম): শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১২:০৬
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের কজেলপাড়া গ্রামে নদীতে গোসল করতে নেমে দীনা খাতুন (১২), সিয়াম (১৩) ও হামিম (১৫) নামের আপন তিন খালাতো ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত তিন শিশুর মামা জোবায়ের বলেন, “আমার ভাগ্নি দীনা ও ভাগ্নে হামিম গত ১৫ দিন আগে রৌমারী কলেজ পাড়ায় অপর এক দুলাভাই সহকারি অধ্যাপক হায়দার আলীর বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন ৪ ভাইবোন ও মামাসহ ৫ জন মিলে দুপুরের দিকে বাড়ির পাশে স্লুইসগেট সংলগ্ন সোনাভরি নদীতে গোসল করতে যায়। এসময় দীনা পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করার জন্য পরপর অপর ভাইবোনেরা গেলে তারও পানিতে ডুবে যায়। এমতাবস্থায় তাদের বড়বোন তাকিয়ার ও মামা জোবায়ের পানিতে নেমে উদ্ধারের চেষ্টা করলে তারাও বিপাকে পড়ে।
পরে তাদের চিৎকারে স্থানীয় হেলাল, আবির উদ্দিন, জসিম ও নয়ন এগিয়ে এসে ৫ জনকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল আলম তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে একজন ঢাকা জেলায় বসবাসরত ওলি উল্লাহর মেয়ে, পঞ্চম শ্রেণীর ছাত্রী দীনা পারভীন। অন্য ২ জন হলো উপজেলার কাউয়ারচর গ্রামের আব্দুল কাদেরের ছেলে নবম শ্রেণীর ছাত্র হামিম ও কলেজপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র সিয়াম।
খবর পেয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ হাসান ইনাম ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালেও যান এবং মৃত ব্যক্তির স্বজনদেরকে শান্তনা দেন।

